আল-আকসার ৪৮ বছরের মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজ মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ২০:৩৪
পবিত্র মসজিদুল আকসার সুপরিচিত মুয়াজ্জিন ও কারি শায়খ নাজি আল-কাজ্জাজ ইন্তেকাল করেছেন। শনিবার বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
রোববার অধিকৃত পূর্ব জেরুজালেমে শত শত ফিলিস্তিনির উপস্থিতিতে তাকে শেষ বিদায় জানানো হয়। একইদিন মসজিদুল আকসা প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জেরুজালেমের একটি স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
চার দশকেরও বেশি সময় ধরে মসজিদুল আকসায় আজান দিয়েছেন শায়খ নাজি আল-কাজ্জাজ। ১৯৭৮ সালে আনুষ্ঠানিকভাবে আজান দেওয়া শুরু করে টানা ৪৮ বছর তিনি এ দায়িত্ব পালন করেন। প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজানের পাশাপাশি সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করে তিনি জেরুজালেমবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।
জেরুজালেমের ঐতিহ্যবাহী কাজ্জাজ পরিবার বহু শতাব্দী ধরে মসজিদুল আকসায় আজান দেওয়ার দায়িত্ব পালন করে আসছে। সেই ধারার উত্তরসূরি ছিলেন শায়খ নাজি আল-কাজ্জাজ। বর্তমানে তার ছেলে ফেরাস আল-কাজ্জাজও এই দায়িত্ব পালন করছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিসরের ধর্মমন্ত্রী ওসামা আল-আজহারি। শোকবার্তায় তিনি বলেন, শায়খ নাজি আল-কাজ্জাজের কণ্ঠ দীর্ঘদিন ধরে জেরুজালেমবাসীর হৃদয়ে আধ্যাত্মিক প্রশান্তি জুগিয়েছে। তিনি ছিলেন একনিষ্ঠতা ও আত্মনিবেদনের উজ্জ্বল দৃষ্টান্ত।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদও শোক প্রকাশ করে জানায়, আল-আকসার প্রতি ভালোবাসা ও জেরুজালেমে অবিচল থাকার সংগ্রামের প্রতীক ছিলেন তিনি। শনিবার মসজিদুল আকসার মাইক থেকে তার মৃত্যুর খবর প্রচার হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দখলদার ইসরায়েলের নানা বিধিনিষেধ ও জেরুজালেমের মুসলিম পরিচয় মুছে ফেলার চেষ্টার বিপরীতে শায়খ নাজি আল-কাজ্জাজের আজান ছিল ফিলিস্তিনিদের কাছে অস্তিত্ব রক্ষার এক শক্তিশালী প্রতীক। দীর্ঘদিন ধরে তার কণ্ঠে উচ্চারিত আজান আল-আকসার ইতিহাস ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।