মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সৌদি থেকে এক লাখ টন ক্রুড নিয়ে দেশের পথে ‘এমটি নিনেমিয়া’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ২১:৩৪

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি রওয়ানা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধনাগারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত। তবে জাহাজটি কখন দেশে পৌঁছাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে অপরিশোধিত তেলের সংকটে দেশের একমাত্র পরিশোধনাগারের মূল প্ল্যান্ট বন্ধ হয়ে পড়ে। নতুন করে তেলবাহী জাহাজ আসার খবরে এ সংকট কাটার আশা দেখা দিয়েছে। যদিও সৌদি আরবের তাস তানুরা বন্দরে আটকে থাকা আরও এক লাখ টন তেলবাহী আরেকটি জাহাজের যাত্রা এখনো অনিশ্চিত।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৯২ শতাংশ তেল আমদানির মাধ্যমে সরবরাহ করা হয় এবং বাকি অংশ স্থানীয় উৎস থেকে পাওয়া যায়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয় রাষ্ট্রীয় পরিশোধনাগারে।

সাম্প্রতিক অর্থবছরে দেশে ৬৮ লাখ টনের বেশি জ্বালানি তেল বিক্রি হয়েছে। এর বড় অংশই ব্যবহৃত হয়েছে পরিবহন খাতে। এছাড়া কৃষি, শিল্প, বিদ্যুৎ ও গৃহস্থালী খাতেও উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি ব্যবহার হয়েছে।

ব্যবহারের দিক থেকে ডিজেল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, যা মোট বিক্রির বড় অংশজুড়ে রয়েছে। এছাড়া ফার্নেস তেল, পেট্রোল, অকটেন, কেরোসিন ও বিমান জ্বালানিও উল্লেখযোগ্য পরিমাণে ব্যবহৃত হয়েছে। দেশের ২৭টি ডিপোর মাধ্যমে এসব জ্বালানি সরবরাহ করা হয়।

পরিশোধনাগারে ব্যবহৃত শতভাগ অপরিশোধিত তেল আমদানিনির্ভর। সরকারিভাবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব তেল সংগ্রহ করা হয় এবং রাষ্ট্রীয় জাহাজ সংস্থা তা পরিবহন করে থাকে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল পরিবহনের বড় অংশ পরিচালিত হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে এ পথে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ হলে বিশ্ববাজারে তেলের দামে প্রভাব পড়ে এবং বাংলাদেশেও সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়।

এ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থায় সৌদি আরব থেকে তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ‘এমটি নিনেমিয়া’ জাহাজে করে নতুন চালানটি পাঠানো হয়েছে। জাহাজটি লোহিত সাগর হয়ে ভারত মহাসাগর পাড়ি দিয়ে সরাসরি বাংলাদেশের দিকে এগিয়ে আসছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top