শিশুসহ কারাগারে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন সেই মহিলা লীগ নেত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ২১:৪১
রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেখায়, পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়, কারণ শিল্পী বেগম তার দেড় মাস বয়সী কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কারাগারে যান। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরে রাতে অন্য আদালতে জামিন শুনানি হলে মানবিক দিক বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেন।
গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনির স্টেশন রোডে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল চানখাঁরপুল এলাকায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ২৩ জুলাই সন্ধ্যায় শিল্পী বেগমের নির্দেশে ১২০ থেকে ১৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে ওই শিক্ষার্থীর বাসায় হামলা চালায়।
হামলায় বাসার আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করা হয় এবং প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করা হয়। এছাড়া বাসার সামনে বোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং শিক্ষার্থীর বাবা মো. সোহেল রানাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়।
কারাগারে যাওয়ার আগে আদালত প্রাঙ্গণে আবেগঘন এক দৃশ্যের সৃষ্টি হয়। দেড় মাস বয়সী শিশুসন্তানকে বুকে জড়িয়ে শিল্পী বেগমকে কাঁদতে দেখা যায়। আদালতের বারান্দায় বসেই তিনি সন্তানকে দুধ খাওয়ান। এ সময় তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে শিশুসন্তানসহ কারাগারে পাঠানো হচ্ছে।
অবশেষে রাতে জামিন মঞ্জুর হওয়ায় তার কারামুক্তির পথ খুলেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।