ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন রাজনৈতিক লক্ষ্য হচ্ছে দারিদ্র্যমুক্ত, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে একটি সুখী ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।
আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে চট্টগ্রামের বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কৃষকদের ১২ হাজার কোটি টাকারও বেশি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষক কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু এবং ক্রীড়াবিদ ও ধর্মীয় কাজে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে নিয়ে রংধনুর মতো সুন্দর বাংলাদেশ গড়তে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ভেদাভেদ ভুলে উন্নয়নের কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।