প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে জোর কূটনৈতিক তৎপরতা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৪:৪১
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য চীন সফরকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। সরকারের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে এই সফরটি অনুষ্ঠিত হতে পারে।
সফরের প্রস্তুতি ও এজেন্ডা চূড়ান্ত করতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চলতি সপ্তাহেই বেইজিং সফরে যাচ্ছেন। এই সফরটি হচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে, যেখানে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে।
কূটনৈতিক সূত্র জানায়, বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের সময়সূচি, দ্বিপাক্ষিক চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সরকার ইতোমধ্যে নীতিগতভাবে এই সফরের সিদ্ধান্ত নিয়েছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে নারাজ। এক জ্যেষ্ঠ কূটনীতিক কেবল পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফর নিশ্চিত করে জানিয়েছেন, এর বাইরে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতৃত্বাধীন সরকারের প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশে হবে, তা নিয়েও চলছে নানা জল্পনা। বিশ্লেষকরা মনে করছেন, আঞ্চলিক ভারসাম্য রক্ষায় তিনি প্রথমে সার্কভুক্ত কোনো দেশ—সম্ভবত ভুটান—সফর করতে পারেন। এরপরই চীন সফর হতে পারে।
এদিকে, সৌদি আরব সফরের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। অনেকের মতে, এই সফরে গেলে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ধর্মীয় দিক থেকেও তা গুরুত্বপূর্ণ হতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত সফর নিয়েও গুঞ্জন উঠেছিল। তবে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এখনো কোনো সফরের দিন-তারিখ বা গন্তব্য চূড়ান্ত হয়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।