ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৫:৩০
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতায় এসে বিএনপি জনগণের কথা ভুলে গেছে। তিনি বলেন, শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত নতুন সরকার মাত্র এক মাসের মধ্যেই নতুন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং গণভোটের রায়কে অগ্রাহ্য করেছে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের ইতিহাসে বারবার শ্রমজীবী মানুষ তাদের জীবন ও রক্ত দিয়ে আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিয়েছে। ১৯৪৭ সালের স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, এমনকি সাম্প্রতিক গণঅভ্যুত্থানগুলোতেও শ্রমজীবী মানুষের অবদান ছিল সবচেয়ে বেশি।
তিনি অভিযোগ করেন, সেই শ্রমজীবী মানুষের ত্যাগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আসা বিএনপি খুব অল্প সময়ের মধ্যেই জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দেওয়া এবং বিভিন্ন সংস্কার কার্যকর করার প্রতিশ্রুতি বিএনপি রক্ষা করেনি বলেও উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি ভালো হবে না। শ্রমিকের অধিকার আদায় এবং সংস্কার বাস্তবায়নে প্রয়োজনে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।