মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

গণভোটের রায় যে কোনো মূল্যে কার্যকর করব: মামুনুল হক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ২০:৩৩

ছবি: সংগৃহীত

গণভোটের রায় যে কোনো মূল্যে বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ১১ দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক। একই সঙ্গে জনগণের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।

মামুনুল হক বলেন, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা, গণভোটের রায় বাস্তবায়নের অগ্রগতি এবং জ্বালানি সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতারা মনে করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ। আগামী ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

এরপর ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী দেশজুড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। পাশাপাশি ১১ এপ্রিল দেশের সব মহানগরে এবং ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

এ ছাড়া ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ হলে একটি জাতীয় সেমিনার আয়োজনের কথাও জানানো হয়েছে।

মামুনুল হক বলেন, ধাপে ধাপে এসব কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে দাবি তুলে ধরা হবে এবং জনমত গড়ে তোলা হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top