রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

সংসদে রুমিন ফারহানার বক্তব্যে অশোভন আচরণ, তীব্র নিন্দা বিরোধীদলীয় নেতার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৯:৩২

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-কে উদ্দেশ করে ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের অশোভন অঙ্গভঙ্গির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। একই সঙ্গে সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা ও পর্যায়ক্রম বজায় রাখতে স্পিকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

রোববার অনুষ্ঠিত সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

সংসদের আচরণগত পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ড. শফিকুর রহমান বলেন, একজন সদস্য বক্তব্য দেওয়ার সময় এ ধরনের অশালীন অঙ্গভঙ্গি অত্যন্ত দুঃখজনক এবং তা সংসদের মর্যাদার পরিপন্থী। তিনি জানান, বহুবার নির্বাচিত সদস্যদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় এবং এটি সংসদীয় সংস্কৃতির জন্য নেতিবাচক বার্তা বহন করে।

তিনি আরও বলেন, সংসদে কথা বলার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত। তবে বক্তব্য দেওয়ার সুযোগ বণ্টনে বৈষম্য দেখা যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এদিকে, চিফ হুইপ নূরুল ইসলাম নতুন সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে সংসদে বিপুলসংখ্যক নতুন সদস্য রয়েছেন, যারা নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে আগ্রহী। কিন্তু অনেকেই এখনো বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

তিনি প্রস্তাব করেন, যারা আগে নোটিশ জমা দেবেন, তাদেরকে সিরিয়াল অনুযায়ী অগ্রাধিকার দেওয়া হলে সংসদের কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে এবং নতুন সদস্যরা উৎসাহিত হবেন।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার সকল সদস্যকে সংসদীয় শিষ্টাচার বজায় রেখে কার্যপ্রণালি অনুযায়ী আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top