‘মনোনয়নের প্রস্তাব নিজেই ফিরিয়ে দিয়েছি, আমার পরিচয় একটাই মির্জা আব্বাসের স্ত্রী’
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৫:২৪
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি জানিয়েছেন, দল থেকে প্রস্তাব এলেও তিনি নিজেই তা গ্রহণ করেননি।
সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচন করবেন না।
বিবৃতিতে আফরোজা আব্বাস বলেন, ‘আমি আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী এটাই আমার পরিচয়।’ সাম্প্রতিক নির্বাচন ও তাকে ঘিরে বিভিন্ন তথ্য প্রচারের প্রেক্ষাপটে তিনি বিষয়টি স্পষ্ট করতে এই বক্তব্য দেন।
তিনি আরও বলেন, তিনি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাননি। তবে প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এসব তথ্য তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলেও উল্লেখ করেন তিনি।
আফরোজা আব্বাস বলেন, বর্তমানে তার ব্যক্তিগত জীবনে কঠিন সময় চলছে। তার স্বামী মির্জা আব্বাসের অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে তার একমাত্র অগ্রাধিকার স্বামীর সুস্থতা নিশ্চিত করা।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশে তিনি শুভকামনা জানিয়ে বলেন, তারা যেন নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখেন। যারা নির্বাচিত হননি, তাদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচিতদের প্রতি তিনি বলেন, তাদের প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে দেশের অসংখ্য কিশোরী। তাদের নিরাপত্তা, শিক্ষা ও স্বপ্ন রক্ষার দায়িত্ব এখন নির্বাচিত প্রতিনিধিদের ওপর।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে দেশের প্রতিটি নারীর সমান অধিকার, ন্যায়বিচার ও নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব। ব্যক্তিগত কষ্টের মধ্যেও তিনি বিশ্বাস করেন, নারীর শক্তি কখনো থেমে থাকে না।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩৬ জনের একটি তালিকা প্রকাশ করেছে। আলোচনায় থাকার পরও অনেক প্রভাবশালী নাম এই তালিকায় স্থান পায়নি। মনোনয়নবঞ্চিতদের মধ্যে রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম ও ফারজানা সিঁথিসহ অনেকে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।