মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক পরীক্ষা চলাকালে নিয়ম ভেঙে কেন্দ্রে প্রবেশ করে সরাসরি সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। মঙ্গলবার সকালে পরীক্ষা শুরুর সময় হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি ঘিরে বিভিন্ন মহলে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পরীক্ষাকালে কঠোর নিরাপত্তা ও নির্দিষ্ট বিধিনিষেধ থাকলেও সংসদ সদস্য কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। পরে নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার করে কেন্দ্রের ভেতরের পরিবেশ ও কার্যক্রম দেখাতে থাকেন।

এ সময় তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা সহজ হয়েছে কিনা ও তারা কেমন পরীক্ষা দিচ্ছে—এ বিষয়ে জানতে চান। এতে অনেক শিক্ষার্থী বিব্রতবোধ করেন এবং তাদের মূল্যবান সময় নষ্ট হয়েছে বলে অভিযোগ ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, পরীক্ষার হলে মোবাইল ফোনে লাইভ করার কারণে শিক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটে। প্রায় দশ মিনিট ধরে এ কার্যক্রম চলেছে, যা মোটেও কাম্য নয়।

সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষা চলাকালে এ ধরনের কর্মকাণ্ড শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার পরিপন্থি। কারণ, পরীক্ষার সময় কেন্দ্রে অননুমোদিত প্রবেশ এবং মোবাইলসহ যেকোনো ডিজিটাল যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আলী রাজিব মাহমুদ বলেন, নির্ধারিত শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া অন্য কারো কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। তাদের ক্ষেত্রেও শুধুমাত্র সাধারণ যন্ত্র ব্যবহারের অনুমতি রয়েছে, কোনো ডিজিটাল যন্ত্র বহন করা যাবে না।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। যে অ্যাকাউন্ট থেকে লাইভ করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিকে বিষয়টি অবহিত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্রে গিয়েছিলেন তিনি। একজন জনপ্রতিনিধি হিসেবে এ দায়িত্ব তিনি পালন করতে পারেন বলে মনে করেন। তবে লাইভ সম্প্রচার করা নিয়মসিদ্ধ কিনা, সে বিষয়ে তার জানা ছিল না।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top