নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ভাগনে আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৬:২৮
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাহাদুরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সবুজ হোসেন (২৫)। তিনি নিহত গৃহকর্তা হাবিবুর রহমানের আপন ভাগনে এবং মান্দা উপজেলার পারনপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির ভেতরে প্রবেশ করে ওই পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ফজরের নামাজের পর প্রতিবেশীরা দরজা খোলা দেখে ভেতরে ঢুকে চারজনের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। তিনি মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত ৮টার দিকে বাড়ি ফেরেন। তার কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ছিল বলে জানা যায়। এই টাকা লুটের উদ্দেশ্যেই হত্যাকাণ্ড ঘটতে পারে—এমন ধারণাও স্থানীয়দের মধ্যে রয়েছে। পাশাপাশি জমিজমা সংক্রান্ত বিরোধকেও সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন অনেকে।
নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি চান তিনি। একই সঙ্গে পরিবারের শিশু সদস্যদেরও নির্মমভাবে হত্যা করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে, নিহত হাবিবুর রহমানের বাবা দাবি করেন, পারিবারিক জমিজমা বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে এবং এ ঘটনায় পরিবারেরই কিছু সদস্য জড়িত থাকতে পারেন—এমন সন্দেহও তিনি প্রকাশ করেন।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে সবুজ হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।