শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

অনিয়মে জড়ালেই কঠোর ব্যবস্থা, নেতাকর্মীদের কঠোর বার্তা বিএনপির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১২:৩৬

ছবি: সংগৃহীত

দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অনিয়ম বা অপকর্মে জড়ালে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিএনপি। দলের শীর্ষ নেতৃত্বের কঠোর সতর্কবার্তার পরও তৃণমূল পর্যায়ের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় একাধিক ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের নাম উঠে আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন দলের দায়িত্বশীল নেতারা। এরই মধ্যে অভিযোগের ভিত্তিতে কয়েকজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে।

রাজশাহীতে উন্নয়ন কর্তৃপক্ষের ভবনে পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর নাম আসে। পরে অভিযোগের ভিত্তিতে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এর আগে কুমিল্লায় বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির এক সভাপতিকে আটক করে পুলিশ। পরে তার সমর্থকেরা থানা ঘেরাও করলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং দীর্ঘ সময় পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এছাড়া নেত্রকোণায় এক সংসদ সদস্যের ওপর হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। একই ধরনের ঘটনায় নোয়াখালী ও অন্যান্য এলাকায়ও বিভিন্ন অভিযোগ উঠে এসেছে।

এ বিষয়ে দলের একাধিক নেতা জানিয়েছেন, কোনো অপরাধে দলের কেউ জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপও গ্রহণ করা হবে।

দলের কেন্দ্রীয় পর্যায় থেকেও বারবার সতর্ক করে বলা হচ্ছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা কিংবা কিশোর গ্যাং সংশ্লিষ্টতার মতো অপরাধে জড়ালে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

নেতারা আরও জানান, দলের শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top