রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

নিহতদের অধিকাংশই বাংলাদেশি

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১১:৩০

ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকা ডুবে অন্তত ২২ জন অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের তথ্যমতে, নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) গ্রিস কোস্ট গার্ড জানায়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত রক্ষা বাহিনী ফ্রন্টেক্সের একটি জাহাজ ক্রিট দ্বীপের নিকটবর্তী এলাকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করে। তবে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে ২২ জন প্রাণ হারান।

বেঁচে ফেরা যাত্রী ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সুনামগঞ্জ জেলার কয়েকজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে দিরাই উপজেলার চারজন, জগন্নাথপুর উপজেলার একজন এবং দোয়ারাবাজার উপজেলার একজন রয়েছেন।

নিহতরা হলেন—দিরাই উপজেলার জগদল ইউনিয়নের তারাপাশা গ্রামের আবু সর্দারের ছেলে মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩০), আব্দুল গনীর ছেলে মো. সাজিদুর রহমান (২৮), মৃত ক্বারী ইসলাম উদ্দীনের ছেলে মো. সাহান (২৫) এবং রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান (৩৮)। এছাড়া জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও এলাকার শায়েখ আহমদ জয় এবং দোয়ারাবাজার উপজেলার অব্র ফাহিমের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বজনদের দাবি, স্থানীয় এক মানবপাচারকারী জনপ্রতি প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে তাদের গ্রিসে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। তিন দিন আগে তাদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

প্রিয়জনদের মৃত্যুর খবরে সুনামগঞ্জের দিরাই, জগন্নাথপুর ও দোয়ারাবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্বজনরা।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, সমুদ্রপথে মৃত্যুর খবর পাওয়া গেলেও এখনো দাপ্তরিকভাবে সব তথ্য নিশ্চিত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

এদিকে জেলা প্রশাসনও ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top