নিঝুম দ্বীপে পানির সংকট, লোকালয়ে আসা ৩ হরিণ উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৩:৩৩
নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে বিশুদ্ধ পানির সংকটে লোকালয়ে চলে আসা তিনটি হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে হাতিয়ার চর ইউনুস এলাকা থেকে হরিণগুলো উদ্ধার করা হয়। পরে একই দিন বিকেলে নিঝুম দ্বীপের দক্ষিণে চর কালাম এলাকায় সেগুলো ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত নিঝুম দ্বীপে বর্তমানে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। জোয়ারের পানির তোড়ে বনের ভেতরে লবণাক্ত পানি ঢুকে পড়ায় হরিণগুলো খাওয়ার উপযোগী পানির অভাবে লোকালয়ে চলে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, পানির খোঁজে হরিণগুলোকে চরাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এটি একদিকে যেমন দৃষ্টিনন্দন, অন্যদিকে স্থানীয় জীবনযাত্রা ও জীববৈচিত্র্যের জন্য উদ্বেগজনক।
তারা আরও বলেন, এই সংকট অব্যাহত থাকলে নিঝুম দ্বীপের হরিণ একসময় বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে, যা পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব ফেলবে।
নিঝুম দ্বীপ রেঞ্জের বিট কর্মকর্তা রুহুল আমিন জানান, জোয়ারের কারণে লবণাক্ত পানি নিম্নাঞ্চলে প্রবেশ করায় হরিণগুলো পানির খোঁজে লোকালয়ে আসে। পরে খবর পেয়ে সেগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।