রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

ইসরায়েলেও ছড়িয়ে পড়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১২:৩৩

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পর এবার ইসরায়েলেও ছড়িয়ে পড়েছে ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভ। শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর পর একই দিন ইসরায়েলের বিভিন্ন শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

দেশটির গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, শনিবার রাতে হওয়া এসব বিক্ষোভ থেকে অন্তত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে শক্তি প্রয়োগ করতেও দেখা যায়।

তেল আবিবের হাবিমা স্কয়ার, হাইফার হোরেভ সেন্টার এবং জেরুজালেমের প্যারিস স্কয়ারে প্রধান তিনটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেন।

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এক মাস আগে যুদ্ধ শুরু করার পর এই প্রথম দুই দেশেই বড় আকারে যুদ্ধবিরোধী বিক্ষোভ দেখা গেল। এর আগে ইসরায়েলে চরম বামপন্থী বিভিন্ন গোষ্ঠী ছোট পরিসরে বিক্ষোভ করেছিল।

‘পিস পার্টনারশিপ কোয়ালিশন’ আয়োজিত এ বিক্ষোভের শিরোনাম ছিল ‘ফর দ্য লাইভস অব অল অব আস’। যুদ্ধবিরোধী কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের প্রস্তাবিত বিচারিক সংস্কারের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top