রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

মমতা ব্যানার্জির বিরুদ্ধে অমিত শাহের চার্জশিট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১২:৩৪

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের গত ১৫ বছরের শাসনামল নিয়ে বিস্তৃত অভিযোগপত্র (চার্জশিট) প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার (২৮ মার্চ) কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি এই চার্জশিট পেশ করেন এবং একই সঙ্গে দলের নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেন। এসময় তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি, বেকারত্ব, রাজনৈতিক সহিংসতা, আইনশৃঙ্খলার অবনতি এবং শিল্পখাতের স্থবিরতার মতো একাধিক অভিযোগ তোলেন।

অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের বিষয়টি এখন পুরো দেশের নিরাপত্তার জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। তার মতে, আসন্ন বিধানসভা নির্বাচন শুধু রাজ্যের জন্য নয়, বরং ভারতের সামগ্রিক নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি দাবি করেন, আসামে বিজেপি সরকার গঠনের পর অনুপ্রবেশ কার্যত বন্ধ হয়েছে, তবে পশ্চিমবঙ্গ হয়ে এখনো অনুপ্রবেশকারীরা দেশে প্রবেশ করছে। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৬০০ কিলোমিটার এখনো অরক্ষিত রয়েছে এবং রাজ্য সরকার সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি দিচ্ছে না। বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সব অরক্ষিত সীমান্ত সুরক্ষিত করা হবে বলেও জানান তিনি।

সংখ্যালঘু তোষণের প্রসঙ্গ তুলে অমিত শাহ প্রশ্ন তোলেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ কতটা যৌক্তিক। তার অভিযোগ, অনুপ্রবেশকারীদের তোষণের ফলে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা দুর্বল হয়ে পড়েছে এবং পাচার ও জাল নোটের প্রভাব দেশের অর্থনীতিতে পড়ছে।

নারীদের নিরাপত্তা নিয়েও তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন তিনি। তার দাবি, মুখ্যমন্ত্রী নিজে নারী হওয়া সত্ত্বেও তার শাসনামলে নারীদের নিরাপত্তা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে এবং অপরাধীরা রাজনৈতিক আশ্রয় পাচ্ছে।

অমিত শাহ আরও বলেন, এই চার্জশিট গত ১৫ বছরে তৃণমূল সরকারের ‘অন্ধকারময় শাসনামলের’ প্রতিচ্ছবি। তার ভাষায়, ‘সোনার বাংলা’র প্রতিশ্রুতি দিয়ে ‘সিন্ডিকেট রাজ’ কায়েম করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ শোষণের শিকার।

এদিন প্রকাশিত নির্বাচনী ইশতেহারে নিরাপত্তা জোরদার, দুর্নীতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top