ইসরায়েলি বাহিনীকে ‘পৃথিবীর নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৫:১৩
ইসরায়েলি সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী হিসেবে আখ্যায়িত করেছেন ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ফিলিস্তিনি এক শিশুর ওপর ইসরায়েলি সেনাদের নির্মম নির্যাতনের দৃশ্য দেখার পর তিনি এমন কঠোর প্রতিক্রিয়া জানান।
নিজের আনুষ্ঠানিক হিসাবে দেওয়া বক্তব্যে আলবানিজ বলেন, ইসরায়েলি সৈন্যদের এ ধরনের আচরণ মানবিকতার সব সীমা অতিক্রম করেছে। তার অভিযোগ, তারা পরিকল্পিতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় ‘জাতিগত নিধন’ চালানো হচ্ছে বলে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিয়েছিলেন তিনি। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে তাকে ঘিরে ব্যাপক সমালোচনা ও উসকানিমূলক প্রচারণা শুরু হয়। এমনকি তিনি বিভিন্ন দিক থেকে সরাসরি প্রাণনাশের হুমকিও পাচ্ছেন বলে জানিয়েছেন।
এক সাক্ষাৎকারে আলবানিজ বলেন, বর্তমানে তার জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এবং তিনি সবসময় আতঙ্কের মধ্যে দিন পার করছেন। নিজের পরিস্থিতিকে তিনি এক অনিশ্চিত ও ভয়াবহ যাত্রার সঙ্গে তুলনা করেন।
জাতিসংঘের এই প্রতিনিধি মনে করেন, ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড শুধু ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করছে না, বরং বৈশ্বিক বিচারব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করছে। বিশেষ করে শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।
আলবানিজ বারবার সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তার জমা দেওয়া প্রতিবেদনে ইসরায়েলি দখলদারিত্বের কঠোর বাস্তবতা তুলে ধরা হয়েছে, যা ইসরায়েল ও তাদের মিত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
তার এই মন্তব্য ইসরায়েলের সামরিক বাহিনীর নৈতিক অবস্থানকে বিশ্বমঞ্চে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, জাতিসংঘের একজন জ্যেষ্ঠ প্রতিনিধির এমন অবস্থান ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়নের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
যদিও ইসরায়েল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে, তবুও একের পর এক প্রকাশিত ভিডিও ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিবেদন ভিন্ন চিত্র তুলে ধরছে। সব বাধা ও হুমকির মধ্যেও সত্য প্রকাশে অটল থাকার অঙ্গীকার করেছেন আলবানিজ। ফিলিস্তিনিদের ন্যায়বিচারের দাবিতে তার লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সূত্র: মিডল ইস্ট মনিটর
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।