ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান শহরে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ভয়াবহ বিস্ফোরণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, অপসারণের সময় হঠাৎ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরিত বোমাটির ধরন এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতরা সবাই ইউনিটটির অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জানজানের যে এলাকায় বিস্ফোরণটি ঘটে সেখানে ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষেপ করা মাইন থাকার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত চলাকালে ওই এলাকায় এসব বোমা ফেলা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এর পরও বিভিন্ন এলাকায় অবিস্ফোরিত বোমা বড় ধরনের ঝুঁকি তৈরি করে চলেছে। জানজানের এই ঘটনা যুদ্ধবিরতির পর আইআরজিসির জন্য সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির একটি বলে উল্লেখ করা হয়েছে।
যুদ্ধবিরতির পর থেকেই দেশজুড়ে অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার কার্যক্রম চালাচ্ছে আইআরজিসি। সংস্থাটির তথ্যমতে, এ পর্যন্ত ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে, গাল্ফ নিউজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।