শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

সিলেট সুরক্ষা বাঁধ ও রিভার ড্রাইভ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৩:৩০

সংগৃহীত

সিলেট নগর সুরক্ষা বাঁধ ও রিভার ড্রাইভ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পাশাপাশি দীর্ঘ নদীতীরবর্তী রিভার ড্রাইভও দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (২ মে) সকাল পৌনে ১১টার দিকে সিলেট নগরের সুরমা নদীর চাঁদনীঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডা. জোবাইদা রহমান, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্যান্য স্থানীয় প্রশাসনিক ব্যক্তিরা।

এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে গৃহীত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট নগরীর অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top