মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

আজ পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এ রাত মুসলমানদের কাছে লাইলাতুল বরাত বা মুক্তি ও সৌভাগ্যের রজনি হিসেবে পরিচিত।

ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রাতে মহান আল্লাহতায়ালা তাঁর বান্দাদের জন্য রহমত ও মাগফিরাতের দরজা উন্মুক্ত করে দেন। তাই ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আযকার ও বিশেষ মোনাজাতের মাধ্যমে রাতটি ইবাদতে কাটান।

শবে বরাত উপলক্ষে অনেক পরিবারে হালুয়া-রুটি ও বিভিন্ন উপাদেয় খাবার প্রস্তুত করে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। সন্ধ্যার পর অনেকে কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাগরিবের নামাজের পর অনুষ্ঠানের সূচনা হবে এবং ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে।

পবিত্র এ রাতকে কেন্দ্র করে দেশের শীর্ষ নেতৃবৃন্দ পৃথক বার্তায় মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা সব অন্যায়-অবিচার পরিহার করে মানবকল্যাণ, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে শবে বরাত উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।

মুসলমানদের বিশ্বাস, শবে বরাত পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা বহন করে। তাই এ রাত থেকেই রমজানের প্রস্তুতির সূচনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top