ইরানে চলমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করলেন খামেনি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটিতে চলমান অস্থিরতা ও বিক্ষোভের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি বাধাগ্রস্ত করতেই পশ্চিমা শক্তিগুলো পরিকল্পিতভাবে এই অস্থিতিশীলতা সৃষ্টি করছে।
তেহরানে পুলিশ ক্যাডেটদের এক স্নাতক অনুষ্ঠানে দেওয়া ভাষণে দীর্ঘ নীরবতা ভেঙে এসব কথা বলেন খামেনি। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতা ও বিশৃঙ্খলা সাধারণ ইরানিদের স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়; বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
ভাষণে খামেনি ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুকে একটি বেদনাদায়ক ও শোকাবহ ঘটনা হিসেবে উল্লেখ করেন। তবে তিনি বলেন, এই মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইল দীর্ঘদিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল এবং মাহসা আমিনির মৃত্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা ইরানে অস্থিরতা উসকে দিয়েছে।
এ সময় তিনি ইরানের নিরাপত্তা বাহিনীর ভূয়সি প্রশংসা করেন। খামেনির ভাষ্য, বিক্ষোভের নামে যারা জননিরাপত্তা বিঘ্নিত করছে এবং পবিত্র স্থানগুলোতে হামলা চালাচ্ছে, তারা মূলত দেশের শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তিনি বলেন, ইরানের সাধারণ মানুষ সবসময় দেশের সংহতি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে এবং বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেবে না।
ভাষণের শেষাংশে হুঁশিয়ারি উচ্চারণ করে খামেনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। বিদেশি মদদে যারা দেশের শান্তি বিনষ্টের চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, এই অস্থিরতা ইরানের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না।
সূত্র: সামা টিভি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।