চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা আছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৮:১৮
দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে চতুর্থ শ্রেণি থেকেই জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে যুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে আরও সক্ষম করে তোলা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী মাসেই বা এপ্রিলের শেষের দিকে ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে একটি নতুন কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেশের ৬৪ জেলায় একযোগে এ কার্যক্রম উদ্বোধন করা হতে পারে। জুনের পর থেকে দেশের ৪৯৫টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সরকার ক্রীড়া বৃত্তির ব্যবস্থা করবে বলেও জানান তিনি। এর মাধ্যমে মেধাবী খেলোয়াড়দের প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ বাড়ানো হবে।
এছাড়া দেশের বিভিন্ন বিভাগে অবস্থিত বিকেএসপি শাখাগুলোকে সক্রিয় করে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী, যাতে সারাদেশে ক্রীড়া উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করা যায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।