জেফরি এপস্টেইন মামলায় কংগ্রেসে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৬
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ২০১৬ সালের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। তারা কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। খবর জানিয়েছে আলজাজিরা।
বিল ক্লিনটনের এক মুখপাত্র জানিয়েছেন, ক্লিনটন দম্পতির এই সিদ্ধান্তের ফলে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে তাদের বিরুদ্ধে অবমাননা অভিযোগে ভোটাভুটি আপাতত এড়ানো সম্ভব হবে। ভোটাভুটির মাধ্যমে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার পথও খুলে যেত।
ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেসে উপস্থিত থাকবেন এবং সবাইকে দেখাতে চাইবেন যে, আইন সবার জন্য সমান।
এর আগে প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটি ক্লিনটন দম্পতিকে আইনসম্মত সমন অমান্য এবং বিশেষ সুবিধা চেয়ে অবমাননা এড়ানোর চেষ্টা করার অভিযোগে নামিয়েছিল। কমিটি উল্লেখ করেছিল, ক্লিনটন দম্পতি আইনের ঊর্ধ্বে নন।
রিপাবলিকান স্পিকার মাইক জনসন ক্লিনটনদের সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি ভালো অগ্রগতি, তবে পরিকল্পিত অবমাননা ভোট বাতিল হবে কি না সে বিষয়ে কিছু বলেননি।
ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের আক্রমণের জন্য এই তদন্তকে ব্যবহার করা হচ্ছে। তাদের মতে, দীর্ঘদিন এপস্টেইনের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পকে এখনও সাক্ষ্যের জন্য ডাকা হয়নি।
সোমবার যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, এপস্টেইন-সংক্রান্ত মার্কিন বিচার বিভাগের নথিতে ম্যান্ডেলসনের নাম পাঁচ হাজারের বেশি বার উঠে আসার পর তার বিরুদ্ধে অভিযোগগুলো পর্যালোচনা করা হচ্ছে।
এপস্টেইনের নথিতে আরও দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের ইলন মাস্ক, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রু সহ বহু বিখ্যাত ব্যক্তির নাম। সর্বশেষ নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক-এর নামও রয়েছে।
বিল ক্লিনটন দাবি করেছেন, তিনি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। হিলারি ক্লিনটন বলেছেন, তার এপস্টেইনের সঙ্গে কোনো অর্থবহ যোগাযোগ ছিল না এবং তিনি কখনো তার বিমানে ওঠেননি বা ব্যক্তিগত দ্বীপে যাননি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।