মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

কিয়েভ ও খারকিভে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:২২

সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, শীতকালীন আবহাওয়ায় এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই এই আক্রমণ শুরু হয়। খবর জানিয়েছে আল জাজিরা।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা জানান, মঙ্গলবার রাতভর রাশিয়া ৪৫০টির বেশি ড্রোন এবং ৬০টিরও অধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি অভিযোগ করেন, তীব্র শৈত্যপ্রবাহ শুরু হওয়ার অপেক্ষা করেই মস্কো পরিকল্পিতভাবে ইউক্রেনের বিদ্যুৎ ও তাপ সরবরাহ অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটশকো জানান, তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার মধ্যে হামলার ফলে রাজধানীর ১ হাজার ১৭০টি আবাসিক ভবন তাপ সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো বলেন, কঠিন শীতের মধ্যে রাজধানীর পাঁচটি জেলা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিনটি আবাসিক ভবন ও একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কিয়েভের একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার দৃশ্য দেখা গেছে। অপ্রমাণিত প্রতিবেদনে বলা হয়েছে, শহরের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রও হামলার লক্ষ্যবস্তু ছিল।

এই হামলায় কিয়েভে অন্তত দুজন এবং খারকিভে আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছিলেন, শীতকালীন আবহাওয়ায় ইউক্রেনের শহরগুলোতে হামলা বন্ধে সম্মত হয়েছিল রাশিয়া। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে প্রতি শীতেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে মস্কো।

এদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top