বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৬ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫

সংগৃহীত

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার আলাগোয়াস রাজ্যের সাও জোসে দা তাপেরা শহরের কাছে একটি বাঁকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উল্টে যাওয়ার সময় কয়েকজন যাত্রী ছিটকে পড়েন, আবার অনেকে বাসের নিচে চাপা পড়েন।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, নিহতদের মধ্যে ৭ জন নারী, ৫ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, বাসটি সেয়ারা রাজ্যে অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। প্রতি বছর ২ ফেব্রুয়ারি ওই ধর্মীয় উৎসবে হাজারো মানুষ অংশ নেন।

উদ্ধার কাজে অংশ নেওয়া আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, “বাসটি একটি বাঁকে গিয়ে উল্টে যায়। এটি অত্যন্ত ভয়াবহ ও জটিল একটি দুর্ঘটনা।”

দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত একটি শিশুর অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আলাগোয়াস রাজ্যের গভর্নর পাওলো দান্তাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top