পশ্চিম নাইজেরিয়ায় সশস্ত্র জঙ্গি হামলায় নিহত ১৬০, রাজাসহ বহু নিখোঁজ
সারাবিশ্ব ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার কোয়ারা রাজ্যের দুটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের বর্বর হামলায় অন্তত ১৬০ জনের প্রাণহানি ঘটেছে। চলতি বছরে এটিই দেশটির সবচেয়ে প্রাণঘাতী সশস্ত্র হামলা বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) কোয়ারা রাজ্যের ওরো ও নুকু গ্রামে এই হামলা চালানো হয়।
বুধবার বিকেল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ওমর বিও। তিনি জানান, ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী লাকুরাওয়া এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, যদিও এখনো কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।
স্থানীয় রাজনীতিক সাইদু বাবা আহমেদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা গ্রামবাসীদের একত্র করে হাত পেছনে বেঁধে নির্মমভাবে হত্যা করে। পাশাপাশি বাড়িঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার পর বহু আহত ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যান।
তিনি আরও জানান, বর্তমানে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে গ্রামে উদ্ধার তৎপরতা চলছে। মরদেহ শনাক্ত করা হচ্ছে এবং নিখোঁজদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। গ্রামের ঐতিহ্যবাহী রাজাসহ বেশ কয়েকজনের এখনো কোনো সন্ধান মেলেনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলাকারীরা জিহাদি গোষ্ঠীর সদস্য এবং এর আগেও তারা গ্রামে ধর্মীয় বক্তব্য দিত। তারা গ্রামবাসীদের নাইজেরিয়ান রাষ্ট্রের প্রতি আনুগত্য ত্যাগ করে শরিয়াহ আইন মেনে চলার আহ্বান জানায়। এতে গ্রামবাসীরা রাজি না হওয়ায় ধর্মীয় সমাবেশ চলাকালে এ হামলা চালানো হয়।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই হামলায় নিহতের সংখ্যা ১৭০ ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটি একে চরম নিরাপত্তা ব্যর্থতা আখ্যা দিয়ে জানায়, গত পাঁচ মাস ধরে হামলাকারীরা গ্রামবাসীদের হুমকি দিয়ে আসছিল।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কোয়ারা রাজ্যের গভর্নর আবদুলরহমান আবদুলরাজাক বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের চাপে পড়ে জঙ্গিগোষ্ঠীগুলো এমন কাপুরুষোচিত হামলা চালিয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়া বর্তমানে একাধিক নিরাপত্তা সংকটে ভুগছে। দেশটিতে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একাধিক গোষ্ঠী সক্রিয় রয়েছে, যাদের তৎপরতায় সাম্প্রতিক সময়ে সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।