বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৬

সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সএআই অধিগ্রহণ করেছে রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স। এই অধিগ্রহণের মধ্য দিয়ে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

অধিগ্রহণ–সংক্রান্ত চুক্তির ফলে একীভূত কোম্পানির সম্মিলিত মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। এর মাধ্যমে মাস্কের সম্পদ এক লাফে বেড়েছে প্রায় ৮৪ বিলিয়ন ডলার। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৮৫২ বিলিয়ন ডলার।

গত বছরের ডিসেম্বরে স্পেসএক্সের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছিল প্রায় ৮০০ বিলিয়ন ডলার। সে সময় প্রতিষ্ঠানটিতে মাস্কের ৪২ শতাংশ শেয়ারের মূল্য ছিল প্রায় ৩৩৬ বিলিয়ন ডলার। অন্যদিকে চলতি মাসের শুরুতে এক্সএআই-এর মূল্য ধরা হয় ২৫০ বিলিয়ন ডলার, যেখানে মাস্কের ৪৯ শতাংশ শেয়ারের মূল্য ছিল প্রায় ১২২ বিলিয়ন ডলার।

একীভূতকরণের পর সম্মিলিত কোম্পানিতে ইলন মাস্কের শেয়ারের হার দাঁড়িয়েছে প্রায় ৪৩ শতাংশ। বর্তমানে সেই শেয়ারের বাজারমূল্য আনুমানিক ৫৪২ বিলিয়ন ডলার।

স্পেসএক্স ও এক্সএআই ছাড়াও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাতেও উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে মাস্কের। টেসলায় তাঁর ১২ শতাংশ শেয়ারের বর্তমান মূল্য প্রায় ১৭৮ বিলিয়ন ডলার। এ ছাড়া টেসলা স্টক অপশন থেকে তাঁর সম্পদের পরিমাণ আরও প্রায় ১২৪ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, এক বছরেরও কম সময়ের মধ্যে ইলন মাস্কের দুটি কোম্পানি দ্বিতীয়বারের মতো একীভূত হলো। এর আগে গত বছরের মার্চে তিনি তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) একীভূত করার ঘোষণা দেন। সে সময় এক্সএআই-এর মূল্য ধরা হয়েছিল ৮০ বিলিয়ন ডলার এবং এক্স-এর মূল্য ছিল ৩৩ বিলিয়ন ডলার।

বিশ্বের ধনকুবেরদের তালিকায় মাস্কের পরের অবস্থানে রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ। তবে দুজনের মধ্যে সম্পদের ব্যবধান এখন রেকর্ড ৫৭৮ বিলিয়ন ডলার। ল্যারি পেজের মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ২৮১ বিলিয়ন ডলার।

 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top