রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

নাইজেরিয়ার দুই রাজ্যে বন্দুকধারী হামলায় প্রায় ২০০ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০০

সংগৃহীত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় কোয়ারা ও উত্তরাঞ্চলীয় কাতসিনা রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলোতে পৃথক বন্দুকধারী হামলায় অন্তত ১৯১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ সাধারণ নাগরিকরা রয়েছেন। এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স, স্থানীয় আইনপ্রণেতা, বাসিন্দা এবং পুলিশের বরাত দিয়ে।

মধ্যাঞ্চলীয় কোয়ারার ওরো ও নুকু গ্রামে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা ১৭০ ছাড়িয়ে গেছে। স্থানীয় সংসদ সদস্য সাঈদু বাবা আহমেদ জানান, বন্দুকধারীরা গ্রামবাসীদের হাত পেছনে বেঁধে নৃশংসভাবে হত্যা করেছে। হামলাকারীরা গ্রামবাসীর বাড়িঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দিয়েছে এবং গবাদি পশু লুট করে নিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা উগ্রবাদী গোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে গ্রামবাসীর ওপর নির্যাতন চালিয়ে আসছে। গ্রামবাসীরা তাদের ‘শরিয়া আইন’ মেনে চলা এবং সরকারকে আনুগত্য প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালানো শুরু করে।

অন্যদিকে, উত্তরাঞ্চলীয় কাতসিনা রাজ্যেও বন্দুকধারীরা বাড়ি বাড়ি গিয়ে অন্তত ২১ জনকে হত্যা করেছে। এ হামলার মাধ্যমে স্থানীয় গ্রামবাসী ও সশস্ত্র চক্রের মধ্যে ছয় মাস ধরে চলা শান্তি চুক্তি ভেঙে পড়েছে। অনেক গ্রামবাসী সশস্ত্র গোষ্ঠীদের চাঁদা ও খাবার দিয়ে শান্ত রাখার চেষ্টা করলেও সম্প্রতি এই ব্যবস্থাও হুমকির মুখে।

নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরীয় সরকারকে সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জন্য কঠোর সমালোচনা করেছিলেন। পরবর্তীতে ২৫ ডিসেম্বর মার্কিন বাহিনী নাইজেরিয়ায় একটি বিমান হামলা পরিচালনা করে।

নাইজেরীয় সরকার দাবি করেছে, তারা ওয়াশিংটনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা বৃদ্ধির কাজ করছে। তবে সাম্প্রতিক এই হত্যাযজ্ঞ দেশটির নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতাকে আবারও সামনে এনেছে।

সূত্র: সিএনএন

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top