দক্ষিণ আফ্রিকা কঙ্গো থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলো
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১৮
দক্ষিণ আফ্রিকা গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে তাদের সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ তথ্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছেন। খবরটি প্রকাশ করেছে রয়টার্স।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনীর সম্পদ পুনর্বিন্যাসের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে সেনা প্রত্যাহারের সময়সূচি চূড়ান্ত করা হবে এবং ২০২৬ সালের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।
গত ২৭ বছর ধরে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে দেশটির প্রায় ৭০০ সেনা সেখানে মোতায়েন রয়েছে। ডিসেম্বর মাসে মিশনের মেয়াদ বাড়ানোর সময় কঙ্গোতে মোট ১১ হাজার সেনা ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।
কঙ্গোর অস্থির পূর্বাঞ্চলে সক্রিয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দমন এবং শান্তি স্থাপনের কাজেই জাতিসংঘের মিশন কাজ করছে। সম্প্রতি এই অঞ্চলে সংঘাত আরও তীব্র হয়েছে।
যদিও দক্ষিণ আফ্রিকা সেনা প্রত্যাহার করছে, তবে কঙ্গোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখবে এবং দেশটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অন্যান্য আন্তর্জাতিক উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।