৩.২৫ লক্ষ কোটি রুপিতে ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২২
ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত। এই চুক্তির প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় ৩.২৫ লক্ষ কোটি ভারতীয় রুপি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, ১৮টি বিমান সরাসরি ফ্লাইং কন্ডিশনে (তৈরি অবস্থায়) ফ্রান্স থেকে আনা হবে। বাকি বিমানগুলো ভারতের নিজস্ব সংযোজন কেন্দ্রগুলোতে তৈরি হবে, যেখানে ভারতীয় প্রযুক্তিও ব্যবহার করা হবে। এই বিমানগুলোর মধ্যে ৮৮টিতে এক পাইলটের বসার ব্যবস্থা থাকবে, এবং বাকি ২৬টিতে দু’জন পাইলটের জন্য বসার সুযোগ থাকবে।
রাফাল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানের একটি। ঘণ্টায় সর্বোচ্চ ৩,৭০০ কিলোমিটার গতিবেগের এই বিমান সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০,০০০ ফুট উচ্চতায় উঠতে পারে। এটি একাধিক পাল্লার ক্ষেপণাস্ত্র ও ভারী মেশিনগান বহন করতে সক্ষম।
২০২০ সালের জুলাই থেকে ভারত ফ্রান্স থেকে পর্যায়ক্রমে ৩৬টি রাফাল পেয়েছে, যার মধ্যে ৮টি দু’আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান রয়েছে। সাম্প্রতিক পরীক্ষা-নিরীক্ষায় ভারতীয় সমরাস্ত্র বিশেষজ্ঞরা এই বিমানগুলোর কার্যকারিতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী ১৮-২০ ফেব্রুয়ারি ভারতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আসবেন। ভারতের কেন্দ্রীয় সরকার সূত্র জানায়, ম্যাক্রোঁ আসার আগে রাফাল কেনার যাবতীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।