‘হ্যাঁ’ ভোটে নতুন সংবিধানের পথে দেশ
থাইল্যান্ডে বিশাল জয় আনুতিনের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৭
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। তার নেতৃত্বাধীন ভূমজাইথাই পার্টি দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটিয়ে একটি স্থিতিশীল সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে।
রয়টার্স জানায়, গত ডিসেম্বর সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে আকস্মিকভাবে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন আনুতিন। নির্বাচনে তার দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রাথমিক ফলাফলে ৫০০ আসনের সংসদে ভূমজাইথাই পার্টি পেয়েছে প্রায় ১৯২টি আসন।
প্রাথমিক ফলাফল অনুযায়ী প্রগতিশীল পিপলস পার্টি পেয়েছে ১১৭টি আসন, পেউ থাই পার্টি পেয়েছে ৭৪টি আসন
নির্বাচনী ফলাফলের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল বলেন, “এই জয় শুধু ভূমজাইথাই পার্টির নয়, এটি সকল থাই নাগরিকের জয়। আমরা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে জনগণের সেবা করতে চাই।”
পিপলস পার্টির নেতা নাত্থাফং রুয়াংপানিয়াওয়ুত পরাজয় স্বীকার করে জানান, তাদের দল সরকার গঠনের পথে নেই। তিনি আরও বলেন, ভূমজাইথাই নেতৃত্বাধীন সরকারের অংশ হওয়া কিংবা কোনো প্রতিদ্বন্দ্বী জোট গঠনের পরিকল্পনাও তাদের নেই।
নির্বাচনে ভূমজাইথাই পার্টি জাতীয়তাবাদ, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তাকে সামনে রেখে প্রচারণা চালায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয়তাবাদী ভোটারদের সমর্থন এবং গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রভাব কমানোর কৌশলই আনুতিনের বিজয়ে বড় ভূমিকা রেখেছে।
নির্বাচনের পাশাপাশি নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, প্রায় দুই-এক ব্যবধানে ভোটাররা নতুন সংবিধানের পক্ষে রায় দিয়েছেন।
২০১৭ সালে সামরিক সরকারের প্রণীত সংবিধান অনির্বাচিত ও অগণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীভূত করেছিল। নতুন সংবিধান কার্যকর হলে সরকার ও সংসদ সংশোধন প্রক্রিয়া শুরু করতে পারবে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য আরও দুটি গণভোট প্রয়োজন হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।