চাঁদে স্বয়ংসম্পূর্ণ শহর গড়তে চায় স্পেসএক্স: ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৩২
মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এখন চাঁদে একটি স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আগামী ১০ বছরের কম সময়ের মধ্যেই এমন শহর নির্মাণ সম্ভব বলে তিনি আশাবাদী।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, স্পেসএক্স পাঁচ থেকে সাত বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ে তোলার দীর্ঘদিনের লক্ষ্য ধরে রেখেছে। তবে বর্তমানে সভ্যতাকে সুরক্ষিত রাখা এবং দ্রুত চাঁদে পৌঁছানোই তাদের প্রধান লক্ষ্য।
মাস্কের এই বক্তব্য গত শুক্রবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে যে তারা আপাতত মঙ্গল গ্রহের পরিকল্পনা স্থগিত রেখে চাঁদকে অগ্রাধিকার দিচ্ছে।
স্পেসএক্স ২০২৭ সালের মার্চে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। যদিও গত বছর পর্যন্ত মাস্কের পরিকল্পনা ছিল ২০২৬ সালের শেষ নাগাদ মঙ্গল গ্রহে মানববিহীন রকেট পাঠানো।
চলতি দশকের মধ্যেই চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। উল্লেখ্য, ১৯৭২ সালে অ্যাপোলো–১৭ মিশনের পর আর কোনো মানুষ চাঁদের বুকে পা রাখেনি।
এর আগে, এক সপ্তাহেরও কম সময় আগে মাস্ক ঘোষণা দেন যে তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই-কে কিনে নিয়েছে স্পেসএক্স। এই চুক্তিতে স্পেসএক্সের মূল্য ধরা হয়েছে ১ লাখ কোটি ডলার এবং এক্সএআই-এর মূল্য ২৫ হাজার কোটি ডলার।
বিশ্লেষকদের মতে, এই অধিগ্রহণ মহাকাশভিত্তিক ডেটা সেন্টার তৈরির স্পেসএক্সের পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে। মাস্কের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের সঙ্গে সঙ্গে কম্পিউটিং শক্তির চাহিদা যেভাবে বাড়ছে, তাতে পৃথিবীর তুলনায় মহাকাশে ডেটা সেন্টার পরিচালনা করা বেশি সাশ্রয়ী হবে।
স্পেসএক্স আশা করছে, চলতি বছরের শেষ নাগাদ পুঁজিবাজার থেকে প্রায় পাঁচ হাজার কোটি ডলার সংগ্রহ করা সম্ভব হবে, যা ইতিহাসের অন্যতম বৃহৎ পাবলিক অফারিং হতে পারে।
এদিকে, রোববার ভোরে মাস্ক তার কোম্পানির প্রথম সুপার বোল বিজ্ঞাপন প্রকাশ করেন, যেখানে স্টারলিংক ওয়াই-ফাই সেবার প্রচার করা হয়।
স্পেসএক্সের পাশাপাশি নিজের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকেও নতুন পথে এগিয়ে নিচ্ছেন মাস্ক। বৈদ্যুতিক গাড়ির বাজারে সাফল্যের পর টেসলা এখন স্বয়ংচালিত গাড়ি ও হিউম্যানয়েড রোবট তৈরিতে জোর দিচ্ছে। এ লক্ষ্যে চলতি বছর প্রায় ২০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
এই পরিবর্তনের অংশ হিসেবে গত মাসে মাস্ক জানান, ক্যালিফোর্নিয়ার কারখানায় দুটি গাড়ির মডেলের উৎপাদন বন্ধ করে সেখানে ‘অপটিমাস’ হিউম্যানয়েড রোবট তৈরির জন্য জায়গা তৈরি করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।