রমজানে নিত্যপণ্যে বিশাল মূল্যছাড় দিচ্ছে কাতার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩
আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বড় ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে কাতার সরকার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এই কর্মসূচির আওতায় এক হাজারেরও বেশি পণ্য কম দামে বিক্রি করা হবে।
কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, রমজানে খাদ্যসহ প্রয়োজনীয় পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সেই বাস্তবতা মাথায় রেখে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতেই এই মূল্যছাড় কার্যক্রম চালু করা হয়েছে।
ছাড়ের তালিকায় রয়েছে আটা, চিনি, চাল, পাস্তা, ভোজ্যতেল, দুধ, মুরগিসহ বিভিন্ন খাদ্যপণ্য। পাশাপাশি টিস্যু, ডিটারজেন্ট, ওয়াশিং পাউডারসহ দৈনন্দিন ব্যবহারের নানা গৃহস্থালি সামগ্রীও অন্তর্ভুক্ত করা হয়েছে। কাতারের প্রভাবশালী দৈনিক দ্য পেনিনসুলা এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত মূল্যতালিকা দেশের সব বড় সুপারমার্কেটে পাঠানো হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তা প্রকাশ করা হয়েছে। রমজান মাসজুড়ে নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে বাজারে কঠোর নজরদারি চালানো হবে।
কোনো দোকান নির্ধারিত দামের বেশি মূল্য নিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।