বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, হামলাকারীসহ নিহত ১০

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, হামলাকারীসহ নিহত ১০। ছবি: সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বুধবার (স্থানীয় সময়) দুপুর ১টা ২০ মিনিটে প্রদেশটির টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, স্কুল ভবনের ভেতরেই সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, স্কুল প্রাঙ্গণ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এছাড়া পার্শ্ববর্তী কমিউনিটির একটি আবাসিক ভবন থেকে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

হামলার পরপরই টাম্বলার রিজ এলাকায় জরুরি সতর্কতা জারি করে পুলিশ। বর্তমানে দ্বিতীয় কোনো সন্দেহভাজন জড়িত ছিল কি না এবং প্রকৃত হতাহতের সংখ্যা নির্ধারণে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রায় ২ হাজার ৪০০ জনসংখ্যার ছোট শহর টাম্বলার রিজের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের এলাকা থেকে অতিরিক্ত পুলিশ, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা মোতায়েন করা হয়েছে।

পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট জানিয়েছে, ঘটনার পর টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল এবং টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুলে ‘লকডাউন’ ও ‘সিকিউর অ্যান্ড হোল্ড’ জারি করা হয়।

পিস রিভার সাউথ এলাকার আইনপ্রণেতা ল্যারি নিউফেল্ড বলেন, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে। তবে চলমান অভিযানের নিরাপত্তার কারণে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

প্রাদেশিক সরকারের ওয়েবসাইট অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা ও হামলার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : বিবিসি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top