দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪

ছবি: সংগৃহীত

দুর্নীতির গুরুতর অভিযোগের মধ্যে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু)। খবর প্রকাশ করেছে আল জাজিরা।

নাবুর বিবৃতিতে বলা হয়, ‘মিডাস’ নামে পরিচিত একটি বহুল আলোচিত দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গালুশচেঙ্কো গোপনে দেশত্যাগের চেষ্টা করছিলেন। এ সময় তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

গালুশচেঙ্কো ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি–এর ঘনিষ্ঠ মন্ত্রীদের একজন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে প্রায় ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও বিদেশে পাচারের অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে তিনি ইউক্রেনীয় ব্যবসায়ী তিমুর মিন্ডিচকে জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ করে দেন। এছাড়া দেশটির জাতীয় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ও সব পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এনার্জোঅ্যাটম–এর ঠিকাদারদের কাছ থেকে চুক্তিপ্রতি ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের পর গত নভেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। সর্বশেষ দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক এই মন্ত্রী।

উল্লেখ্য, ২০২৫ সালে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কো–সহ একাধিক শীর্ষ মন্ত্রীর বিরুদ্ধেও বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে।

বিশ্লেষকদের মতে, সরকারি প্রশাসনে দুর্নীতির বিস্তারই ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ। এ কারণেই ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন–এ সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া এখনো ঝুলে রয়েছে দেশটির।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top