জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করবে বিএনপি: প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৯:৫০
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ এবং প্রতিটি লাইন বিএনপি বাস্তবায়ন করবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. মুহাম্মদ ইউনুস যখন ডেকেছিলেন, সবচেয়ে আগে বিএনপি সেখানে গিয়েছিল এবং সই করেছিল। কাজেই বিএনপি যে সনদে সই করেছে, সেই সনদের প্রতিটি বিষয় আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো।”
বিএনপি চেয়ারপারসনের এই বক্তব্যে তিনি আরও বলেন, দেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই যে সনদে বিএনপি স্বাক্ষর করেছে এবং অন্য দলগুলোও পরবর্তীতে যুক্ত হয়েছে, তা বাস্তবায়নের দায় বিএনপি নেবে।
বিরোধী দলগুলোর সমালোচনা করে তারেক রহমান বলেন, “আমরা দেখেছি যারা এখন বিরোধী দলে আছে, তারা প্রথমে সই করা নিয়ে দ্বিধায় ছিল। আবার কিছু দল নির্বাচনের পরে গিয়ে সই করেছে। অথচ তারাই এখন জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে। প্রশ্ন হচ্ছে—যদি এতই আগ্রহ ছিল, তাহলে শুরুতেই কেন সই করলো না?”
তিনি আরও বলেন, বিএনপির বিভিন্ন জনমুখী কর্মসূচি—যেমন খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরির উদ্যোগ—যদি কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “স্বৈরাচারের ভূত আবার কার ওপর ভর করছে, কারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়—সেসব বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।”
এর আগে তিনি সন্তোষে গিয়ে মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন এবং পরে জনসভায় যোগ দেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।