মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

কোনো আলোচনা নয়, দীর্ঘ যুদ্ধের জন্য আমরা প্রস্তুত: ইরানি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৪:১০

ছবি: সংগৃহীত

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য তারা প্রস্তুত রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আর কোনো ধরনের কূটনৈতিক আলোচনার সুযোগ নেই।

ইরানের কৌশলগত পররাষ্ট্র সম্পর্ক পরিষদের প্রধান কামাল খাররাজি এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র কূটনীতির ভাষা বোঝে না। তার দাবি, যখন আলোচনা চলছিল তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন না। এ কারণে বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।

খাররাজির মতে, চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ বাড়ছে। বিশেষ করে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হয়েছে। এ চাপ বাড়তে থাকলে উপসাগরীয় আরব দেশসহ অন্যান্য দেশও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top