দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা দুই দফা কমার পর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন নির্ধারিত দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সোমবার (৯ মার্চ) সকালে স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১৪ দফা কমানো হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।