লেবাননে ইসরায়েলি বিমান হামলা যুদ্ধবিরতির জন্য হুমকি: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ২১:০০
লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এমন পদক্ষেপ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
মহাসচিবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, হামলায় শিশুসহ বিপুলসংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। তিনি বলেন, বেসামরিক মানুষের মৃত্যু এবং আহতের সংখ্যা বাড়তে থাকায় জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং আরও প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর কমান্ডার ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তবে লেবাননের কর্মকর্তাদের ভাষ্য, নিহতদের মধ্যে অনেকেই বেসামরিক নাগরিক।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবানন যুদ্ধবিরতির আওতায় থাকবে না। এর পরপরই ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরুর পর লেবাননে সবচেয়ে বড় হামলা চালায়।
এই পরিস্থিতিতে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি থেকে সরে আসতে পারে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।