ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, আলোচনার মেয়াদ নিয়ে অনিশ্চয়তা
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৫:২০
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ সরাসরি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শুরু হওয়া এই সংলাপ কতদিন স্থায়ী হবে—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো সময়সূচি জানা যায়নি।
শনিবার (১১ এপ্রিল) সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে পৌঁছান। এর আগে শুক্রবার গভীর রাতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ-এর নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল সেখানে পৌঁছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। দুই সপ্তাহের এই বিরতির মধ্যেই সরাসরি আলোচনায় বসেছে দুই দেশ। ইতোমধ্যে এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলেছে।
যুক্তরাষ্ট্র থেকে রওনা দেওয়ার আগে ভ্যান্স সাংবাদিকদের বলেন, আলোচনায় তিনি আশাবাদী। তবে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের ‘কৌশলী আচরণ’ গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেন তিনি।
আলোচনার সময়সীমা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে, বৈঠক অন্তত শনিবার দিনভর চলবে এবং প্রয়োজন হলে তা রোববার পর্যন্ত গড়াতে পারে। অন্যদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সূত্র জানিয়েছে, আলোচনা সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
তথ্যসূত্র: ডন, আল জাজিরা
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।