শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা জাতীয় পার্টির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৬:৫৪

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। একই সঙ্গে আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মাধ্যমে রাজধানী ঢাকা সহ সারা দেশে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শনিবার সকালে রাজধানীর গুলশান-২ এলাকায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সভায় সূচনা বক্তব্য দেন দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার।

সভায় সভাপতির বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ দেশের জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি সারা দেশে শিশুদের হামের টিকা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজধানী ঢাকা সহ সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের বিরুদ্ধে যেসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের হয়েছে, সেগুলো দ্রুত প্রত্যাহারের জন্য তিনি আহ্বান জানান। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে পারলে দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাইবে। তবে তার আগে দলকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

তিনি আরও সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন দলের নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, জহিরুল ইসলাম জহির এবং মোস্তফা আল মাহমুদ।

এছাড়া প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রত্না, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, নাজমা আক্তার, আরিফুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সরদার শাহজাহান, জাহাঙ্গীর হোসেন মানিক, ফখরুল আহসান শাহজাদা, মোঃ বেলাল হোসেন, প্রধান হুইপ নুরুল ইসলাম ওমর, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, শাহ জামাল রানা, শেখ মাতলুব হোসেন লিয়ন, নাজনীন সুলতানা এবং এইচ এম গোলাম রেজা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top