অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৪২
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সুসান কয়েল।
সোমবার (১৩ এপ্রিল) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, বর্তমানে চিফ অব জয়েন্ট ক্যাপাবিলিটিজ হিসেবে দায়িত্ব পালন করা কয়েল আগামী জুলাই মাসে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান প্রধান সাইমন স্টুয়ার্ট-এর স্থলাভিষিক্ত হবেন।
প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসও এই নিয়োগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এটি প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
৫৫ বছর বয়সী কয়েল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন। তিনি হবেন অস্ট্রেলিয়ান সামরিক বাহিনীর যেকোনো সার্ভিস শাখার নেতৃত্বদানকারী প্রথম নারী।
বর্তমানে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ এবং নেতৃত্বের পদে তাদের উপস্থিতি ১৮.৫ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এই হার ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই নিয়োগ এমন এক সময়ে এলো, যখন বাহিনীটিতে নারী কর্মকর্তাদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং যৌন হয়রানি ও বৈষম্যের অভিযোগ নিয়ে আলোচনা চলছে।
এদিকে, নৌবাহিনীর প্রধান মার্ক হ্যামন্ড-কে নতুন অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ডেভিড জনস্টন-এর স্থলাভিষিক্ত হচ্ছেন। আর নৌবাহিনীর নেতৃত্বে আসছেন ম্যাথিউ বাকলি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।