ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে তুরস্ক:হাকান ফিদান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৬:৩১
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইরান-ইসরায়েল দ্বন্দ্বের পর ইসরায়েল এখন তুরস্ককে তাদের নতুন প্রতিপক্ষ বা লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে পারে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু-কে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, ইসরায়েল এমন একটি রাষ্ট্র যা শত্রু ছাড়া টিকে থাকতে পারে না। তার মতে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পর তেল আবিব এখন আঙ্কারাকে নতুন প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করতে পারে।
সাক্ষাৎকারে তিনি আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা হয়েছে। এখনো কোনো চূড়ান্ত চুক্তি না হলেও উভয় পক্ষই যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহী বলে তিনি মনে করেন।
পারমাণবিক ইস্যুকে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সংকট আরও গভীর হচ্ছে। তার মতে, এ বিষয়ে ‘সব পাওয়া বা কিছুই না’ ধরনের কঠোর অবস্থান নিলে কূটনৈতিক সমাধান কঠিন হয়ে পড়বে।
গত কয়েক মাস ধরে গাজা ও লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সরব রয়েছে তুরস্ক। হাকান ফিদানের এই মন্তব্য আঙ্কারা ও তেল আবিবের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।