যুক্তরাষ্ট্রে ইসরায়েল-লেবানন বৈঠক প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:১৪
লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আলোচনাকে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। সংগঠনটির নেতা নাঈম কাসেম বলেছেন, ইসরায়েল যখন লেবাননে হামলা জোরদার করছে, তখন এমন উদ্যোগ “অর্থহীন”।
তিনি সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে লেবানন সরকারকে আহ্বান জানান যেন তারা এই বৈঠকে অংশ না নিয়ে “ঐতিহাসিক ও সাহসী অবস্থান” নেয়।
মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা নিয়ে কথা হওয়ার কথা।
নাঈম কাসেম অভিযোগ করেন, এই আলোচনার মূল লক্ষ্য হিজবুল্লাহকে নিরস্ত্র করা। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার এ লক্ষ্য প্রকাশ করেছেন, তাই এমন আলোচনায় যাওয়া মানে পূর্বনির্ধারিত শর্ত মেনে নেওয়া।
তিনি আরও বলেন, হিজবুল্লাহ কোনো চাপের কাছে মাথা নত করবে না এবং পরিস্থিতির জবাব “যুদ্ধক্ষেত্রেই” দেওয়া হবে।
মার্চের শুরুতে সংঘর্ষ বৃদ্ধির পর থেকে ইসরায়েল লেবাননে হামলা জোরদার করেছে। ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।
লেবানন সরকার বলছে, তাদের প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা। অন্যদিকে ইসরায়েল সরাসরি আলোচনার মাধ্যমে হিজবুল্লাহকে নিরস্ত্র করাকে প্রধান শর্ত হিসেবে তুলে ধরছে।
এদিকে দক্ষিণ লেবাননে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনী গুরুত্বপূর্ণ শহর বিনতে জবেইল ঘিরে ফেলার দাবি করেছে, আর হিজবুল্লাহ সেখানে পাল্টা হামলার কথা জানিয়েছে।
নাঈম কাসেম সতর্ক করে বলেন, ইসরায়েল লেবাননের যেকোনো এলাকায় হামলা চালালে উত্তর ইসরায়েলের কোনো অঞ্চলও নিরাপদ থাকবে না। তিনি আরও অভিযোগ করেন, যুদ্ধ পরিস্থিতিতে বৈরুত সরকার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
সূত্র: বিবিসি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।