শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে তেলের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮

সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারগুলোতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ইতিবাচক’ মন্তব্যের পর তেলের দাম নিম্নমুখী হয়।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৪৪ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৯৪.৪৯ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০.৫৯ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে একটি পাকিস্তানি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মতপার্থক্য নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বর্তমানে তেহরান সফরে রয়েছেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে আলোচনা করছেন বলে জানা গেছে।

তেলের দাম কমার পাশাপাশি বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই এশিয়ার শেয়ারবাজারে চাঙাভাব লক্ষ্য করা গেছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ১.৮৯ শতাংশ বেড়েছে। এছাড়া হংকংয়ের হ্যাং সেং সূচক ০.৬৮ শতাংশ এবং তাইওয়ানের টায়েক্স সূচক ০.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top