মালয়েশিয়ায় প্রবাসী ব্যবসায়ী নজরুল ও বান্ধবীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৮

সংগৃহীত

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার বান্ধবী কোহিনুর বেগমকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা—এমন অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের বাসিন্দা নজরুল ২০১৮ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান।

পরিবার জানায়, সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে নজরুল একটি গবাদি পশুর খামার গড়ে তুলেছিলেন। খামারে গরু, ছাগল, হাঁস-মুরগির পাশাপাশি অন্যান্য প্রাণীও পালন করতেন তিনি। তবে এই ব্যবসায়িক সাফল্যই তার জীবনে বিপদের কারণ হয়ে দাঁড়ায় বলে অভিযোগ।

স্বজনদের দাবি, স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল নজরুলের। এর জের ধরে গত ১৪ এপ্রিল রাতে তাকে এবং তার বান্ধবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয় বলেও অভিযোগ রয়েছে।

নিহতের বড় ভাই জহিরুল ইসলাম জানান, এর আগেও নজরুলকে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি পরিবারকে জানালে তারা তাকে দেশে ফিরে আসার জন্য বারবার অনুরোধ করেন। নজরুলও সবকিছু গুছিয়ে শিগগিরই দেশে ফেরার পরিকল্পনা করছিলেন বলে তিনি উল্লেখ করেন।

নিহতের ভাগ্নি সাদিয়া ইসলাম মীম বলেন, মামা তাকে দ্রুত দেশে ফেরার আশ্বাস দিয়েছিলেন এবং উপহার আনার কথাও বলেছিলেন। এখন সেই স্মৃতিই তাদের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে। পরিবারের দাবি, হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হোক এবং মরদেহ দেশে এনে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হোক।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ঘটনাটি বিদেশে ঘটায় স্থানীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও জেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top