ট্রাম্পকে নোবেল পুরস্কার উপহার দেয়ায় অনুশোচনা নেই মাচাদোর
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৯
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, ২০২৬ সালের জানুয়ারিতে প্রতীকীভাবে নোবেল শান্তি পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই।
মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার কোনো অনুশোচনা নেই।”
মাচাদোর দাবি, ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনে আন্তর্জাতিক সমর্থন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এবং সেই প্রেক্ষাপটেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প তার মতে ভেনেজুয়েলার স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন।
তবে নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, নোবেল শান্তি পুরস্কার ব্যক্তিগত সম্মাননা এবং এটি হস্তান্তর বা ভাগ করা যায় না—এ বিষয়টি আগেই স্পষ্ট করা হয়েছে।
মাচাদো আরও জানান, তিনি বর্তমানে ভেনেজুয়েলায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সমন্বয় করে দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়ায় কাজ করছেন।
তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে ভেনেজুয়েলার গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে, ভেনেজুয়েলার বিরোধী দল সম্প্রতি নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি জানিয়েছে। তবে ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকায় মাচাদো ভবিষ্যতে প্রার্থী হবেন কি না, তা এখনো পরিষ্কার করেননি।
সূত্র: এনডিটিভি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।