সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

লেবাননে যিশুর মূর্তি ভাঙচুরের ঘটনায় তদন্তের নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৮:৪২

সংগৃহীত

দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনার হাতে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এ ঘটনায় ইতোমধ্যে ফৌজদারি তদন্ত শুরু করেছে সামরিক কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ইসরায়েলি সেনা বড় হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের একটি মূর্তিতে আঘাত করছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এ ঘটনাটি ন্যক্কারজনক এবং এতে তিনি নিজে ও দেশের অধিকাংশ মানুষ গভীরভাবে মর্মাহত। তিনি নিশ্চিত করেন, তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইসরায়েল এমন একটি রাষ্ট্র যেখানে সব ধর্মের মানুষের উপাসনার স্বাধীনতা নিশ্চিত করা হয়। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি সংশ্লিষ্টদের কাছে ক্ষমাও চান।

এদিকে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ঘটনাটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি দায়ী সেনার বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top