বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

আলোচনায় বসতে যে নতুন শর্ত দিলেন ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৩:৪৭

সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা হলেও নতুন করে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো রয়ে যাওয়ার মধ্যেই এবার শর্ত জুড়ে দিয়েছে তেহরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেয়, তবে পরবর্তী দফার আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ওয়াশিংটন যত দ্রুত নৌ অবরোধ প্রত্যাহার করবে, তত দ্রুতই পরবর্তী আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান একটি স্থায়ী শান্তি প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। তবে একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও নৌ বাণিজ্যের ওপর অবরোধ চালিয়ে যাবে।

ট্রাম্পের এই অবস্থানের পরই ইরানের পক্ষ থেকে আলোচনার জন্য স্পষ্ট শর্ত আরোপ করা হলো, যা দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top