আজ বিশ্ব পাই দিবস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১২:৫৮
আজ ১৪ মার্চ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পাই (π) দিবস। গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ ধ্রুবক পাই-এর সম্মানে প্রতি বছর এই দিনটি উদ্যাপন করা হয়। পাই-এর মান প্রায় ৩.১৪ হওয়ায় মার্চের ১৪ তারিখকে (৩/১৪) এই দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে।
গণিত ও বিজ্ঞানে আগ্রহী মানুষরা প্রতি বছর বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি উদ্যাপন করে থাকেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, বিজ্ঞান সংগঠন ও গণিতপ্রেমীদের মধ্যে এ দিনটি বেশ উৎসাহের সঙ্গে পালিত হয়।
পাই গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ ধ্রুবক। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই দিয়ে প্রকাশ করা হয়। এর মান প্রায় ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯… এবং এই সংখ্যা অসীম পর্যন্ত চলতে থাকে। পাইয়ের দশমিকের পরের অঙ্কগুলো কখনো শেষ হয় না এবং কোনো নির্দিষ্ট পুনরাবৃত্তিও নেই, যা সংখ্যাটিকে আরও রহস্যময় করে তুলেছে।
ইতিহাস থেকে জানা যায়, পাইয়ের প্রথম তুলনামূলক নির্ভুল মান নির্ণয় করা হয় প্রায় ২৫০ খ্রিস্টপূর্বাব্দে। গ্রিক গণিতবিদ আর্কিমিডিস জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে পাইয়ের মান ৩.১৪০৮৪৫ এবং ৩.১৪২৮৫৭-এর মধ্যে নির্ধারণ করেছিলেন।
পরবর্তীতে ১৭০৬ সালে গণিতবিদ উইলিয়াম জোনস বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বোঝাতে গ্রিক অক্ষর পাই (π) ব্যবহার করেন। তিনি তার “সিনোপসিস পালমারিওরাম ম্যাথেসিওসে” নামের গবেষণাপত্রে প্রথম এই প্রতীক ব্যবহার করেন।
১৯৮৮ সাল থেকে আনুষ্ঠানিকভাবে পাই দিবস উদ্যাপন শুরু হয়। পরে ২০১৯ সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়।
গণিত ও বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে পাইয়ের বহুমাত্রিক ব্যবহার রয়েছে। প্রাচীন ব্যাবিলন ও মিসরীয় সভ্যতাতেও বিভিন্ন মাত্রার নির্ভুলতায় পাই ব্যবহার করা হতো। শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীরা এই রহস্যময় সংখ্যার আরও নির্ভুল মান বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সূত্র: গ্রিক রিপোর্টার ডটকম
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।